ক্রীড়া ডেস্ক
মাইকেল অলিসে ছবি: গেটি ইমেজেস স্পোর্ট
বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল অলিসের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া বা ব্যক্তিগত শর্তাবলী চূড়ান্ত করার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছে সান্তিয়াগো বার্নাব্যু। সম্প্রতি বিভিন্ন মিডিয়া আউটলেটে অলিসের রিয়াল মাদ্রিদে দলবদল নিয়ে গুঞ্জন ছড়ালে ক্লাবটি একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে।
রিয়াল মাদ্রিদ তাদের বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে:
বায়ার্ন মিউনিখের খেলোয়াড় মাইকেল অলিসে বা তার এজেন্টের সাথে রিয়াল মাদ্রিদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের যোগাযোগ হয়নি। বায়ার্ন মিউনিখের সাথে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের এই সম্পর্ককে ক্লাবটি অত্যন্ত মূল্যায়ন করে। নীতিগতভাবেই এক ক্লাব অন্য ক্লাবের চুক্তিবদ্ধ খেলোয়াড়ের প্রতি আগ্রহ দেখালে, তা সবার আগে দুই ক্লাবের কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। রিয়াল মাদ্রিদ সবসময়ই এই প্রাতিষ্ঠানিক আনুগত্য মেনে চলে।
ফলে অলিসের সাথে রিয়াল মাদ্রিদের চুক্তি সম্পন্ন হওয়ার যে খবর বাজারে চাউর হয়েছে, তা বাস্তবতাবিবর্জিত ও গুজব ছাড়া আর কিছুই নয়।