Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

টেলরের সেঞ্চুরি ম্লান, ও. ইন্ডিজকে উড়িয়ে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

ধ্রুব স্পোর্টস ডেস্ক ধ্রুব স্পোর্টস ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ,২০২৬, ০১:৫২ পিএম
টেলরের সেঞ্চুরি ম্লান, ও. ইন্ডিজকে উড়িয়ে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

অধিনায়ক হিসেবে সোফি মলিনাক্সের অভিষেকটা হলো দুর্দান্ত। সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সফরকারীদের করা ৩৪১ রানের জবাবে স্ট্যাফানি টেলরের অপরাজিত ১০৫ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও নির্ধারিত ওভারে ২৩৮ রানের বেশি তুলতে পারেনি ক্যারিবিয়ানরা।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে আসে ৭৫ রান। জর্জিয়া ভল মাত্র ৩২ বলে ৪২ রান করে ভিত গড়ে দেন। অন্যপ্রান্তে ফিবি লিচফিল্ড দুইবার জীবন পেয়ে খেলেন ৭৭ রানের কার্যকর এক ইনিংস। এলিস পেরি ৪৪ এবং অধিনায়ক মলিনাক্স নিজে ৪৭ রান করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যান।

মাঝপথে কিছু উইকেট হারিয়ে ইনিংস কিছুটা শ্লথ হলেও নিকোলা ক্যারির ৪৯ এবং শেষদিকে জর্জিয়া ওয়্যারহ্যামের দ্রুতগতির ৪২ রানের সুবাদে ৩০০-এর গণ্ডি ছাড়ায় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বোলার অ্যাফি ফ্লেচার ৩টি উইকেট নিলেও ১০ ওভারে খরচ করেন ৮৩ রান।

৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক হেইলি ম্যাথিউসসহ দ্রুত উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। তবে একপ্রান্ত আগলে রেখে অনবদ্য এক সেঞ্চুরি তুলে নেন অভিজ্ঞ স্ট্যাফানি টেলর। ২০২১ সালের পর এটিই তার প্রথম ওয়ানডে শতক।

টেলর ১০৫ রানে অপরাজিত থাকলেও অন্য ব্যাটারদের থেকে যোগ্য সঙ্গ পাননি। শিনেল হেনরি ৩৮ রান করে তাকে কিছুটা সহায়তা দিলেও বাকিরা ছিলেন ব্যর্থ। কিম গার্থের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে (৩/৩৭) কোণঠাসি হয়ে পড়ে স্বাগতিকরা। অ্যাশলে গার্ডনারও বল হাতে শিকার করেন দুই উইকেট। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৩৮ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৩৪১/১০ (লিচফিল্ড ৭৭, ক্যারি ৪৯, ফ্লেচার ৩/৮৩), ওয়েস্ট ইন্ডিজ: ২৩৮/৮ (টেলর ১০৫*, হেনরি ৩৮, গার্থ ৩/৩৭), ফল: অস্ট্রেলিয়া ১০৩ রানে জয়ী।

ধ্রুব/এস.আই

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)