ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছবি: সংগৃহীত
দেশের ক্রিকেট প্রশাসনে টালমাটাল অবস্থা থামছেই না। শনিবার বিসিবির ম্যারাথন বোর্ড সভা শেষে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পদত্যাগ করেছেন তিন প্রভাবশালী পরিচালক। তারা হলেন— ফায়াজুর রহমান, শানিয়ান তানিম এবং মেহরাব আলম চৌধুরী।
বোর্ড নির্বাচন হওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার আগেই এ নিয়ে মোট ছয়জন পরিচালক পদত্যাগ করলেন, যা বিসিবির ইতিহাসে বিরল এক অস্থিরতার চিত্র ফুটিয়ে তুলছে।
শনিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে দীর্ঘ সময় ধরে বোর্ড সভা অনুষ্ঠিত হয়। অসুস্থতার কারণে সহ-সভাপতি ফারুক আহমেদ অনলাইনে যুক্ত ছিলেন। সভা শেষ হওয়ার কিছুক্ষণ পরই প্রথমে ফায়াজুর রহমান তার পদত্যাগের সিদ্ধান্ত বোর্ডকে জানান। এর কিছুক্ষণ পর শানিয়ান তানিম এবং মেহরাব আলম চৌধুরীও একই পথে হাঁটেন।
বিসিবির নতুন মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোখসেদুল কামাল এক সংবাদ সম্মেলনে জানান, তারা গণমাধ্যম মারফত ফায়াজুর রহমানের পদত্যাগের খবর শুনেছেন। বাকি দুইজন পদত্যাগ করেন সংবাদ সম্মেলনের পরে। তিনি বলেন:
"বোর্ডের পক্ষ থেকে আমরা এ বিষয়ে কোনো আলোচনা করিনি। যারা পদত্যাগ করেছেন তারা ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। ফায়াজুর আমাদের সাথেই মিটিংয়ে ছিলেন, মিটিং শেষ হওয়ার পর তার পদত্যাগের খবর পেয়েছি।"
পদত্যাগীদের একজন, সিসিডিএম-এর ভাইস-চেয়ারম্যান ফায়াজুর রহমান সম্প্রতি ঢাকা লিগগুলো সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে বিসিবির অদূরদর্শিতা ও উদ্যোগের অভাব নিয়ে প্রকাশ্য সমালোচনা করেছিলেন। ধারণা করা হচ্ছে, বোর্ডের অভ্যন্তরীণ কর্মপদ্ধতি নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ থেকেই এই গণপদত্যাগ।
খাদের কিনারায় বিসিবি?
বিসিবিতে সাধারণত নির্বাচিত পরিচালকরা তাদের পূর্ণ মেয়াদ শেষ না করে বিদায় নেন না। কিন্তু গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের পর মাত্র কয়েক মাসের ব্যবধানে ছয় পরিচালকের চলে যাওয়া অশনিসংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
জানুয়ারিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম পদত্যাগ করেন ইশতিয়াক সাদেক। গত মাসে মিডিয়া চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার পর আমজাদ হোসেন, গত বৃহস্পতিবার সরকার মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল এবং শনিবার পদত্যাগ করেন ফায়াজুর রহমান, শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী।
ক্রিকেট বোর্ডের এই অস্থিরতার মধ্যেই গত বছরের নির্বাচন নিয়ে তদন্ত শুরু করেছে সরকার। তদন্ত কমিটির রিপোর্ট আগামী সপ্তাহে ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। এছাড়া ক্রীড়ামন্ত্রী আমিনুল হক সংসদে জানিয়েছেন, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণ এবং বিসিবিতে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগগুলো খতিয়ে দেখতে পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে।
সব মিলিয়ে মাঠের ক্রিকেটের চেয়ে এখন মাঠের বাইরের অস্থিরতা নিয়েই উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন।