নিজস্ব প্রতিবেদক
যশোরে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ছবি: ধ্রুব নিউজ
গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার, দায়িত্ববোধ এবং সাংবাদিকতায় আইন ও বিধি-বিধান সম্পর্কে সচেতনতা বাড়াতে যশোরে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি-বিধান বাস্তবায়নের গুরুত্ব’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার সূচনা হয়।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নুর ইসলাম, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতে সাংবাদিকদের পেশাগত দক্ষতার পাশাপাশি আইন ও নীতিমালা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। সঠিক তথ্য যাচাই ও পেশাগত নৈতিকতা বহাল রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
উদ্বোধনী পর্ব শেষে বর্তমানে মূল প্রশিক্ষণ সেশন চলমান রয়েছে। এতে প্রেস কাউন্সিলের আইন, সংবাদের সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের নানা দিক নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নিচ্ছেন।