বেনাপোল (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শায় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাভারন দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রকৌশলী তৈয়েবুর রহমান জাহাঙ্গীরের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তৈয়েবুর রহমান জাহাঙ্গীর বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রী চর্চা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক ব্যাধি থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহাঙ্গীর আলম, শার্শা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু ইয়াহইয়া ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আহমাদ আলী। এছাড়াও স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ভলিবল, ব্যাডমিন্টন ব্যাট, হ্যান্ডবল ও ফুটবলসহ নানা ধরণের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত ও প্রয়োজনীয় সুবিধা বৃদ্ধি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।