❒ যশোরে এনডিএফের উদ্যোগে ‘সীরাত কনফারেন্স ২০২৬’
নিজস্ব প্রতিবেদক
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর জেলা শাখার উদ্যোগে ‘সীরাত কনফারেন্স ২০২৬’ ও সীরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর জেলা শাখার উদ্যোগে ‘সীরাত কনফারেন্স ২০২৬’ ও সীরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের জেএস টাওয়ারে অবস্থিত ক্যাফে ডিলাইট কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনডিএফ যশোর জেলা শাখার সভাপতি ডা. শরীফুজ্জামান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অ্যাডভোকেট গাজী এনামুল হক (যশোর-৫, মণিরামপুর)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সীরাত আলোচনার মূল শিক্ষা হলো জীবনের বাকি দিনগুলোতে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহকে আঁকড়ে ধরা। তাঁর চরিত্র ছিল পবিত্র কোরআনের বাস্তব প্রতিফলন। ব্যক্তিজীবন থেকে শুরু করে চিকিৎসকদের পেশাগত জীবন—সব ক্ষেত্রেই কোরআন ও সুন্নাহ মেনে চলার মাধ্যমে জীবনের ভুলত্রুটি সংশোধন করা সম্ভব।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ ও সিরাতের বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা হাসান আল-মামুন লাল। তিনি বলেন, “আমাদের প্রাত্যহিক জীবনের সর্বক্ষেত্রে মহানবী (সা.)-এর সুন্নাহ ও আল্লাহর দেখানো পথ অনুসরণ করতে হবে। ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত—জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ মেনে চলাই সফলতার একমাত্র পথ। ইসলামে দ্বৈত জীবনযাপনের কোনো সুযোগ নেই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পেশাজীবী শাখার সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতন ও বায়োফার্মা লিমিটেডের সিনিয়র ডেপুটি সেলস ম্যানেজার মাকসুদুর রহমান।
এনডিএফ যশোর জেলা শাখার সহসভাপতি ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন পেশাজীবী থানা শাখার সেক্রেটারি জি এম আবু ফয়সাল এবং এনডিএফ যশোর জেলা শাখার সহসভাপতি ডা. আনিছুর রহমানসহ সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরের এনডিএফ সভাপতি ডা. শের আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভা শেষে সীরাত অলিম্পিয়াডে বিজয়ী ১০ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।