নিজস্ব প্রতিবেদক
যশোরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক শামীম রেজা সদর উপজেলার মাহিদিয়া এলাকার মৃত আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার দুপুরে সদরের তপসীডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে শহরের রাজারহাট রামনগর পিকনিক কর্নারের পাশে একটি গরুর খামারের সামনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রায় ১৮০ থেকে ২০০ জন নেতাকর্মী মশাল মিছিল বের করেন এবং সরকারবিরোধী স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় শামীম রেজাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
শামীম রেজা স্থানীয়ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী হিসেবে পরিচিত। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি দলীয় প্রার্থী ಹಾಗೂ জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণবিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নুকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।