কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে তিন যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দুধসরা এলাকার একটি কাঠের মিলে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—পারলাট গ্রামের রাসেল রানা (২৮) ও মিরাজুল ইসলাম এবং দুধসরা হঠাৎপাড়া এলাকার ইমন হোসেন (২৫)।
পুলিশ জানায়, কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির এসআই অমৃত মৈত্রের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুধসরা এলাকার কাঠের মিলে অভিযান চালায়। এ সময় হাতেনাতে গাঁজা সেবনরত অবস্থায় ওই তিনজনকে আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আটক তিনজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।