বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ছবি: সংগৃহীত
স্মার্টফোন ও প্রসেসর প্রযুক্তিতে নতুন ইতিহাস তৈরি করলো জনপ্রিয় টেক জায়ান্ট শাওমি। বাজারে উন্মোচিত হয়েছে শাওমির সর্বাধুনিক ফ্ল্যাগশিপ প্রসেসর এক্সরিং ও থ্রি (Xring O3)। দুর্দান্ত পারফরম্যান্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অভাবনীয় ক্ষমতার সমন্বয়ে তৈরি এই চিপসেটটি ইতোমধ্যে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মগুলোতে রেকর্ড গড়েছে।
স্মার্টফোন পারফরম্যান্স মাপকাঠি আনতুতু (AnTuTu V11) বেঞ্চমার্কে প্রসেসরটি বিস্ময়কর ৫.২২ মিলিয়ন (ঠিক ৫,২২৮,০১৪) স্কোর অর্জন করেছে। এছাড়া গীকবেঞ্চ (Geekbench) টেস্টে এর সিঙ্গল-কোর স্কোর এসেছে ৩,৯৪৫ এবং মাল্টি-কোর স্কোর দাঁড়িয়েছে ১৫,২২১-এ।
Xring O3 চিপসেটের মূল স্পেসিফিকেশন ও বৈশিষ্ট্য:
সিপিইউ (CPU): এতে রয়েছে পাওয়ারফুল ১০-কোর সিপিইউ আর্কিটেকচার। যার মধ্যে ২× ৪.৩৫ GHz C1-Ultra কোর, ৪× ৩.৬৮ GHz C1-Premium কোর এবং ৪× ৩.১৫ GHz C1-Pro কোর অন্তর্ভুক্ত।
গ্রাফিক্স (GPU): হেভি গেমিং এবং গ্রাফিক্সের কাজের জন্য এতে ব্যবহার করা হয়েছে ১৬-কোর G2-Ultra NX জিপিইউ।
এআই ক্ষমতা (NPU): কৃত্রিম বুদ্ধিমত্তার কাজের গতি বাড়াতে এতে আছে ২০০ TOPS ক্ষমতাসম্পন্ন ৪-কোর এনপিইউ।
প্রসেস ও মেমোরি: চিপসেটটি টিএসএমসি (TSMC)-এর অত্যাধুনিক ৩nm (ন্যানোমিটার) প্রসেসে তৈরি এবং এটি পরবর্তী প্রজন্মের LPDDR6 র্যাম সাপোর্ট করে।
বিশাল এই স্কোর এবং শক্তিশালী আর্কিটেকচার দেখে ধারণা করা হচ্ছে, নতুন এই Xring O3 চিপসেট সমৃদ্ধ স্মার্টফোনগুলো প্রসেসিং স্পিড, গ্রাফিক্স এবং এআই টাস্কে প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদান করবে।
উল্লেখ্য, ২০২৫ সালে শাওমি তাদের নিজস্ব প্রসেসর এক্সরিং সিরিজের প্রথম প্রসেসর এক্সরিং ও ওয়ান উন্মোচন করে যা বৈশ্বিক বাজারে খ্যাতিমান প্রসেসর কোম্পানি স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেকের সাথে প্রতিযোগীতা করেছিলো। তারই ধারাবাহিকতায় শাওমির এবছরের এক্সরিং ও থ্রি স্মার্টফোন মার্কেটে ডমিনেট করবে বলে আশা করা হচ্ছে।