কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর পশ্চিমপাড়ায় পুকুরের পানিতে ডুবে মো. সিয়াম হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম একই গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে সিয়াম বাড়ি থেকে ফুটবল খেলার উদ্দেশ্যে বের হয়। হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে মৃত লুৎফর রহমানের পুকুরের পাড় দিয়ে হাঁটার সময় পা পিছলে গভীর পানিতে পড়ে তলিয়ে যায় সে।
সাথে থাকা খেলার সাথিরা খবর দিলে পরিবারের সদস্যরাসহ স্থানীয় প্রায় ৩০-৩৫ জন লোক পুকুরে নেমে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর সিয়ামকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অবুঝ শিশুর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।