কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি কেক ফ্যাক্টরির জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে শিরিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বনবিভাগ পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিরিনা ওই এলাকার রমজান আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিরিনা খাতুন প্রতিদিনের মতো ওই এলাকার একটি কেক ফ্যাক্টরির মালিক আব্দুস সালামের সন্তানদের জন্য টিফিন নিয়ে যেতেন। সোমবার দুপুরে তিনি টিফিন দিতে ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করেন। এ সময় সচল জেনারেটরের ঘূর্ণায়মান ফিতায় তার ওড়না আটকে গেলে তিনি গুরুতর আহত হন।
ফ্যাক্টরির মালিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার এএসআই আব্দুর রহিম জানান, পুলিশ মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।