Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, নজরদারিতে আরও

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:২৫ পিএম
১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, নজরদারিতে আরও

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ নভেম্বর থেকে এ পর্যন্ত আজাদসহ পুলিশের চার কর্মকর্তা গ্রেপ্তার হলেন। তাদের মধ্যে দুজন এসপি ও দুজন অতিরিক্ত পুলিশ সুপার। ভিন্ন ভিন্ন অভিযোগে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, নুরুজ্জামান জনি হত্যা মামলায় আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুরের ওই প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন। তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।

গতকাল বুধবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আজাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঝালকাঠির বাসিন্দা আবুল কালাম আজাদ ২৫তম বিসিএসের পুলিশ কর্মকর্তা। গ্রেপ্তার অন্য তিন কর্মকর্তা হলেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান ও মো. রাকিবুল হাসান।

১৪ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় করা রাষ্ট্রদ্রোহের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। মামলায় তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা ও তাঁদের কাছে পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে ঢাকায় বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর ৩৩তম বিসিএসের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর কথা জানিয়েছে ডিএমপি। দুই দিন আগে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল।

সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে আবুল হাসানের নাম। থানা পোড়ানোর পরিকল্পনায় তার সম্পৃক্ততার অভিযোগও তোলেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পেছনে তার ভূমিকা ছিল।

সার্বিক বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুন মুনিরা বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। একই সঙ্গে বাহিনীর ভেতরেও নজরদারি বাড়ানো হয়েছে। গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত রয়েছেন। সরকার তাঁদের কঠোর নজরদারিতে রেখেছে। কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

২০১৫ সালের ১৯ জানুয়ারি ছোট ভাইকে দেখতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন নুরুজ্জামান জনি। তার পরিবারের অভিযোগ, কারাগারের সামনে থেকে জনি ও তার এক সঙ্গীকে তুলে নিয়ে যায় পুলিশ। পরদিন ভোরে খিলগাঁও খেলার মাঠে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সাজিয়ে জনিকে গুলি করে হত্যা করা হয়। সে সময় ডিবি দাবি করেছিল, বন্দুকযুদ্ধে জনি নিহত হয়েছেন।

এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও জনি হত্যার অভিযোগ করা হয়। ট্রাইব্যুনালের চাহিদার পরিপ্রেক্ষিতে ডিবি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)