ধ্রুব ডেস্ক
শিল্পীর কল্পনায় ১৯৭৭ সালে মহাকাশে পাঠানো নাসার ভয়েজার-১ যান। ছবি: সংগৃহীত
আলো একদিনে যে দূরত্ব অতিক্রম করে, পৃথিবী থেকে সেই দূরত্ব (এক আলোক-দিন) অতিক্রম করে ইতিহাস গড়ার ঠিক আগমুহূর্তে আবারও যোগাযোগে সমস্যায় পড়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১। মহাকাশের গভীর থেকে এখন আর কোনো বৈজ্ঞানিক বা কারিগরি তথ্য পাঠাচ্ছে না ৪৯ বছর বয়সী এই মহাকাশযান। পৃথিবীতে পৌঁছাচ্ছে শুধু একটি ফাঁকা বেতার সংকেত, যাতে কোনো তথ্য থাকছে না।
সিএনএন জানিয়েছে, গত ১৪ নভেম্বর সমস্যাটি শনাক্ত করে নাসা। এর পাঁচ দিন পরই ভয়েজার-১-এর এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করার কথা ছিল। আলোক-দিন হলো আলো এক দিনে যে দূরত্ব অতিক্রম করে। দূরত্বটি প্রায় ১৬০০ কোটি মাইল বা ২৬০০ কোটি কিলোমিটার। বেতার সংকেত ও মহাকাশযানটির গতিপথের হিসাব বিশ্লেষণ করে প্রকৌশলীরা নিশ্চিত হয়েছেন, ভয়েজার-১ ইতিমধ্যে সেই দূরত্বে পৌঁছেছে।
১৯৭৭ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করা মহাকাশযানটির মূল পরিকল্পিত কর্মক্ষমতা ছিল মাত্র পাঁচ বছর। কিন্তু প্রত্যাশার চেয়ে ১০ গুণেরও বেশি সময় ধরে কাজ করে চলেছে এটি।
নাসার ভাষ্য অনুযায়ী, বেতার সংকেত পাওয়ার অর্থ মহাকাশযানটির দিকনির্দেশনা ব্যবস্থা এখনো সচল এবং এর অ্যানটেনা ও সম্প্রচার সরঞ্জাম ঠিকভাবে কাজ করছে। তবে তথ্য না আসায় এর অনবোর্ড কম্পিউটারে সমস্যা দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি থেকে তথ্য সংগ্রহ ও পাঠানোর দায়িত্ব এই কম্পিউটারের। ভয়েজার-১-এর ১০টি বৈজ্ঞানিক যন্ত্রের মধ্যে বর্তমানে মাত্র দুটি সচল রয়েছে।
এর আগে ২০২৩ সালের ১৪ নভেম্বর একই ধরনের সমস্যায় পড়েছিল মহাকাশযানটি। তখন এর ফ্লাইট ডেটা সাবসিস্টেমের (এফডিএস) একটি চিপ বিকল হয়ে পড়ে। পরে কোড পুনর্বিন্যাস করে সমস্যার সমাধান করেন নাসার প্রকৌশলীরা। এবারও ওই কম্পিউটার ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছে কি না, তা নিশ্চিত করেনি নাসা।
গত অক্টোবরের শেষ দিকেও দুই দিনের জন্য পৃথিবীর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ভয়েজার-১। পরে নিজে থেকেই সংকেত ফিরে আসে। সর্বশেষ সমস্যার সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখছে নাসা।
মহাকাশযানটি পৃথিবী থেকে এতটাই দূরে যে কোনো নির্দেশ পাঠাতে ২৪ ঘণ্টা এবং তার জবাব পেতে আরও ২৪ ঘণ্টা সময় লাগে। ফলে ত্রুটি শনাক্ত ও সমাধানের কাজ অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে।
ভয়েজার-১ ও এর যমজ মহাকাশযান ভয়েজার-২ মূলত বৃহস্পতি ও শনি গ্রহ অনুসন্ধানের জন্য তৈরি হয়েছিল। বর্তমানে দুটি মহাকাশযানই আন্তনাক্ষত্রিক মহাকাশে কাজ করছে। ভয়েজার-১ ২০১২ সালে এবং ভয়েজার-২ ২০১৮ সালে সূর্যের চৌম্বকক্ষেত্রের প্রভাবে তৈরি হেলিওস্ফিয়ার অতিক্রম করেছিল।