রফিক মন্ডল, কোটচাঁদপুর থেকে
ছবি: সংগৃহীত
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইন আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, খামারিদের প্রশিক্ষণ, উন্নত চিকিৎসাসেবা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তব্যে ইউএনও বলেন, প্রাণিসম্পদ খাত দেশের গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। সনাতন পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা অনুসরণ করলে খামারিরা যেমন লাভবান হবেন, তেমনি জনস্বাস্থ্যের জন্য নিরাপদ দুধ, মাংস ও ডিমের উৎপাদনও বাড়বে।
তিনি খামারিদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা এবং পশুপাখির রোগবালাই প্রতিরোধ ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, খামারি ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
প্রসঙ্গত, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হচ্ছে।