ধ্রুব ডেস্ক
জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবার। ছবি: সংগৃহীত
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সব সদস্যকে হত্যার ঘটনায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে বলা হয়েছে, স্বর্ণালংকার ও টাকা চুরি করতে ব্যর্থ হয়েই তাদের হত্যা করা হয়েছে। অভিযুক্ত দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের কাছে গণপতির বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য ছিল। সেসব চুরির জন্য বাড়ির ছাদে অপেক্ষা করছিলেন দুই আসামি। কিন্তু গণপতি তাদের দেখে ফেলায় একে একে চারজনকে অভিযুক্তরা হত্যা করেন বলে চার্জশিটে বলা হয়েছে।
গণপতি চক্রবর্তীর পরিবারের বাকি তিন সদস্য হলেন তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে আয়ুশ।
বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
তিনি জানান, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্য তাদের জবানবন্দির সঙ্গে মিলেছে।
চার্জশিট দেওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি বলেন, এ হত্যাকাণ্ড চুরির উদ্দেশ্য থেকে হয়েছে। গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য থেকেই দুই আসামি চুরির পরিকল্পনা করেন।
সনাতন চক্রবর্তী জানান, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগে সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। তখন পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। সিদ্ধার্থ ও মুগ্ধ দাস এর আগে পাশের তাঁতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। তারা দুইজন বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
তবে পুলিশের বক্তব্য মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। আমার কথা গুরুত্ব পায়নি।
গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার জানান, গত ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে তারা ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় তারা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাদের দেখে ফেলেন। তখন তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তী।
সনাতন চক্রবর্তী দাবি, দুই আসামি তাদেরও হত্যা করেন। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আগামীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।
উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাদের ভাষ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তদন্তে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
তার দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামির বাইরে অন্য কোনো ব্যক্তির ডিএনএ’র উপস্থিতি পাওয়া যায়নি।
গণপতি চক্রবর্তী অবসরকালীন ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে।
মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর পুলিশ যা বলেছিল
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর কামালকাছনার মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৩ আগস্ট দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয় মিলনায়তনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলন করে জানান, শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির পার্শ্ববর্তী ভবনটি দেবু দাসের। সেই ভবন দিয়ে আজ বৃহস্পতিবার ভোররাতে মুগ্ধ ও সিদ্ধার্থ শিক্ষক গণপতির বাড়ির ছাদে উঠে আসেন। সেখানে বসে ইয়াবা সেবনের এক পর্যায়ে শব্দ পেয়ে ছাদে আসেন শিক্ষক গণপতি। তিনি ঘাড়ে গামছা নিয়ে ছাদে আসেন। তাদের দেখে ইয়াবা সেবনের ব্যাপারে প্রশ্ন করায় মুগ্ধ ও সিদ্ধার্থ তাৎক্ষণিক গণপতির ঘাড়ের গামছা গলায় প্যাঁচিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেন।
তিনি আরও বলেছিলেন, এ হত্যার সময় শিক্ষক গণপতি আওয়াজ করলে স্ত্রী প্রীতিলতা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন। ওত পেতে থাকা মুগ্ধ ও সিদ্ধার্থ সিঁড়িতেই ওই গামছা প্রীতিলতার গলায় প্যাঁচিয়ে হত্যা করেন। প্রীতিলতার চিৎকারে সিঁড়ির দিকে মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী এগিয়ে আসলে তাকেও গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার চেষ্টা করে মুগ্ধ ও সিদ্ধার্থ। এতেও সে মারা না গেলে রশি এনে তার গলায় ও মুখে প্যাঁচিয়ে জোরে টান দেন তারা। এতে আগামীর মুখের চোয়াল ভেঙে যায়। প্রায় ৫ মিনিট চেষ্টা করে হত্যা করা হয় আগামীকে। এরপর শিশু প্রিয়মের ঘরে এসে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় মুগ্ধ ও সিদ্ধার্থ। চিনে ফেলতে পারে এমন শংঙ্কায় প্রিয়মকে ঘুমন্ত অবস্থায় গলায় গামছা প্যাঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।
খুনের পর উত্তেজিত ছিল মুগ্ধ ও সিদ্ধার্থ। এরপর কিছুক্ষণ পর তারা শান্ত হলে প্রিয়মের বাথরুমে প্রথমে সিদ্ধার্থ গোসল করে। এরপর মুগ্ধ গোসল করে তাদের ডাইনিং টেবিলে বসে। সেখানে একটি বয়ামে থাকা খেঁজুর খায় তারা। এরপর ফ্রিজ থেকে শসা বের করে খাওয়ার পর দুইজন সেখানে ইয়াবা সেবন করেন। সকাল হয়ে গেলে তারা পালানোর পরিকল্পনা করতে থাকেন। জুমার দিন হওয়ায় নামাজের সময় শিক্ষক গণপতির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তারা। ঘটনাকে ডাকাতি বলে ভিন্নখাতে প্রবাহিত করতে মুগ্ধ ও সিদ্ধার্থ বাড়ির বিভিন্ন আসবাবপত্র তছনছ করে মেঝেতে ফেলে রাখেন। আলমারির ড্রয়ার ভেঙে সেখান থেকে স্বর্ণালংকার নিয়ে নেন। দুপুরে বের হওয়ার আগে গণপতি চক্রবর্তীর বাড়ির দুটি ফোন ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখেন। যেন ফোনে ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া যায়।
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। মামলাটি রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।