নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ১৯টি বিভাগের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার সকালে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুলের চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহসান হাবীব, প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মহসিন উদ্দীন এবং ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোসা. শিরিনা খাতুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ অংশ নেন।
আয়োজক নেতারা জানান, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যেই জন্মদিনে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ করা প্রতিটি চারা যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা ও কলেজ ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, জেলা ছাত্রদল নেতা শিবলি হাসান অমিত, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।