ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর শরীর থেকে ১ কেজি ২৯০ গ্রাম ওজনের সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। অভিনব উপায়ে পায়ুপথে পেস্ট আকারে লুকানো এই সোনার আনুমানিক বাজারমূল্য অন্তত ১ কোটি ৭৪ লাখ টাকা।
বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার (জি৯ ৫১৮) একটি ফ্লাইটে ঢাকায় নামেন আরমান উদ্দিন সিদ্দিক নামের ওই যাত্রী। কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছিল। উক্ত যাত্রী ইমিগ্রেশন পার হয়ে ব্যাগেজ বেল্টের দিকে এগোতেই তাকে থামান কাস্টমস কর্মকর্তারা। পরবর্তীতে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হলে পায়ুপথে অত্যন্ত কৌশলগতভাবে লুকানো সাদা কসটেপে প্যাঁচানো ৩টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, উদ্ধার করা ৩টি গোলকের প্রতিটির ওজন ৪৩০ গ্রাম করে মোট ১ হাজার ২৯০ গ্রাম। উদ্ধারকৃত সোনা ২৪ ক্যারেট মানের হলেও তা পেস্ট আকারে রয়েছে। স্বর্ণকারদের মতে, এটি পরিশোধনের পর প্রায় ১ কেজির মতো নিরেট সোনা পাওয়া যাবে।
আইনগত ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট কাস্টমস প্রিভেন্টিভ টিম উক্ত চোরাচালানের ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।