ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের শিশু, কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ ক্রীড়া পরিবেশ তৈরিতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। সারা দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর প্রাথমিক ধাপ হিসেবে আগামী দুই মাসের মধ্যে এক হাজার মাঠ প্রস্তুত করার কড়া নির্দেশনা এসেছে তাঁর কাছ থেকে। পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে কুষ্টিয়ার গড়াই নদের ওপর নির্মিতব্য সেতুর নামকরণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ নির্দেশনাবলি প্রদান করেন।
বৈঠক সূত্রে জানা যায়, সরকারের লক্ষ্য নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করা। প্রথম ধাপে ইতিমধ্যে ২৭টি জেলায় ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে, যেগুলোর আয়তন তিন থেকে আট বিঘার মধ্যে রাখা হবে। মাঠগুলোর নিয়মিত দেখভাল ও তদারকির জন্য প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেবে সরকার।
তৃণমূলের পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের মধ্যে অন্তত একটি করে মাঠ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তরের ৪০টি এবং ঢাকা দক্ষিণের ৯০টি মাঠ খেলাধুলার উপযুক্ত করে গড়ে তোলা হবে। ইউনিয়ন পর্যায়ে ১০টি ভিন্ন ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে ক্রীড়া প্রতিযোগিতায় সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর খুলনা থেকে প্রধানমন্ত্রী নিজেই ৫০৩টি উপজেলায় একযোগে এই ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন।
একই দিন সচিবালয়ে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আবরারের পরিবার বিচারকাজ দ্রুত সম্পন্ন করা, কুষ্টিয়ায় গড়াই নদের ওপর সেতু নির্মাণ এবং পরিবারের সার্বিক সহযোগিতার দাবি জানান।
প্রধানমন্ত্রী তাঁদের আশ্বস্ত করে জানান, মামলাটির বিচারপ্রক্রিয়া বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন এবং তা সম্পূর্ণ স্বাধীনভাবেই সম্পন্ন হবে। আবরারের স্মরণে গড়াই নদের ওপর সেতুটির নামকরণ তাঁর নামে করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এছাড়া পরিবারের উত্থাপিত অন্যান্য বিষয়ে ঘটনাস্থল থেকেই শিক্ষাসচিবের সঙ্গে সরাসরি কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।