Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নিরাপত্তা শঙ্কায় দাম্মাম ও রিয়াদের সব ফ্লাইট স্থগিত করলো বিমান বাংলাদেশ

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ১২:০৫ এ এম
নিরাপত্তা শঙ্কায় দাম্মাম ও রিয়াদের সব ফ্লাইট স্থগিত করলো বিমান বাংলাদেশ

ছবি: ফাইল ছবি

সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া হামলার সার্বিক পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে দাম্মাম ও রিয়াদ রুটে বিমান চলাচলে সাময়িক স্থগিতাদেশ জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি এ তথ্য নিশ্চিত করেছে।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাম্মামের বিমানবন্দরে গত বুধবার রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ঢাকা-দাম্মাম রুটের নির্ধারিত সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। একই সাথে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইটগুলোর ওপর আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ প্রযোজ্য থাকবে। স্থগিত হওয়া এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী নির্দেশনা ও পরিবর্তিত নতুন সময়সূচি যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

​তবে রিয়াদ ও দাম্মাম রুটে সাময়িক অচলাবস্থা তৈরি হলেও সৌদি আরবের অন্য দুই গন্তব্য জেদ্দা ও মদিনায় ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক থাকছে। পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী ঢাকা থেকে জেদ্দা ও মদিনার ফ্লাইটগুলো নিয়মিত শিডিউলে পরিচালিত হবে।

​এমন পরিস্থিতিতে সৌদিগামী জরুরি যাত্রীদের সুবিধার্থে বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। আসন খালি থাকা সাপেক্ষে রিয়াদ ও দাম্মামগামী যাত্রীরা জেদ্দা কিংবা মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। টিকেট পুনর্নির্ধারণ বা ভ্রমণসংক্রান্ত যেকোনো প্রয়োজনে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)