বেনাপোল প্রতিনিধি
ছবি: সংগৃহীত
যশোরের শার্শা উপজেলার কুদলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে কুদলারহাট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. আসাদুজ্জামান আসাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এতে সভাপতিত্ব করেন কুদলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিনাজুল ইসলাম।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের অর্জিত সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করে বলেন, "মেধাবীদের এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি বিদ্যালয়, শিক্ষক ও পুরো এলাকার জন্য গর্বের। ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে।"
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া এবং সন্তানদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।