নিজস্ব প্রতিবেদক
ভবদহ পানিবন্দী দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আমির ও সংসদ সদস্য গোলাম রসুল ছবি: ধ্রুব নিউজ
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের নাম ভবদহ। বছরের পর বছর স্থায়ী জলাবদ্ধতায় যশোরের অভয়নগর, বাঘারপাড়া, মনিরামপুরসহ বিস্তীর্ণ জনপদের হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের কাছে ভবদহ আজ দক্ষিণবঙ্গের এক জীবন্ত কান্নার প্রতীক।
এমন চরম সংকটময় পরিস্থিতিতে পানিবন্দী দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলা আমির ও সংসদ সদস্য গোলাম রসুল যশোরের অভয়নগর উপজেলার আদর্শপাড়া, চেঙ্গুটিয়া ও বুড়োর দোকান এলাকায় পানিবন্দী অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। হাটুপানিতে নেমে তিনি নিজ হাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণকালে অধ্যাপক গোলাম রসুল বলেন, ভবদহের জলাবদ্ধতা কোনো সাময়িক সমস্যা নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্থায়ী দুর্ভোগ। এই সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আমির সরদার শরীফ হোসেন, প্রেমবাগ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মশিউর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর আমির মাওলানা আলতাফ হোসেন, প্রেমবাগ ইউনিয়ন আমির মাওলানা সোলায়মান হোসেন এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এম. এম. আশিকুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।