নিজস্ব প্রতিবেদক
শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। ছবি: ধ্রুব নিউজ
গুমের নাটক সাজিয়ে প্রকৃত ভিকটিমদের অবমাননা, অনলাইনে সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং নারী নির্যাতনের অভিযোগ এনে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। রোববার (১৪ জুন) যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদল এই কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন ছাত্রদল নেতারা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু ও সাধারণ সম্পাদক আকিব আনোয়ারসহ কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ছাত্রশিবির অপপ্রচার ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাস ও দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। অনতিবিলম্বে এসব ঘৃণ্য অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।