নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রী ছামিনা আক্তারকে (২০) ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী সুজন (২৬)। আজ সোমবার (৮ জুন) ভোর ৫টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার শেখহাটি তামালতলা এলাকার একটি ভাড়া বাসায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। স্ত্রীকে হত্যার পর সুজন নিজের শরীরে চাকু চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ছামিনা যশোর কোতোয়ালি থানার তরফ নওয়াপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী সুজন টাঙ্গাইলের নাগরপুর থানার গয়হাটা ইউনিয়নের শান্তিনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এই দম্পতি শেখহাটির স্থানীয় বাসিন্দা ইমরাজের বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে সুজন তার স্ত্রীর কাছে মাদক কেনার টাকা দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো চাকু এনে ছামিনার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। ছামিনার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে সুজন নিজের বুকেও চাকু চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ছামিনাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত সুজনকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নিহত ছামিনার মামা জানান, সুজন মাদকাসক্ত ছিলেন। প্রায়ই মাদকের টাকার জন্য ছামিনাকে মারধর করতেন। আজ সকালে টাকা না পেয়ে তিনি ছামিনাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছেন।