আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই দেশটিতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির ক্ষেপণাস্ত্র স্থাপনা ও মাইন স্থাপনের চেষ্টায় থাকা নৌযানে হামলা চালিয়েছে।
বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, এই হামলা চালানো হয়েছে ‘আত্মরক্ষা’ এবং ‘মার্কিন বাহিনীর সদস্যদের ইরানি হুমকির হাত থেকে রক্ষার’ জন্য।
নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, মার্কিন সামরিক বাহিনী চলমান যুদ্ধবিরতির মধ্যে সংযম প্রদর্শনের পাশাপাশি নিজ সদস্যদের রক্ষার কাজ অব্যাহত রেখেছে। তিনি জানান, হরমুজ প্রণালিতে ইরানের বন্দর আব্বাসের কাছে এই হামলা চালানো হয়েছে। এটি ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর এবং এখানে ইরানের একটি নৌঘাঁটি রয়েছে।
এই হামলা এমন এক সময় হলো, যার কয়েক ঘণ্টা আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে চুক্তি সম্পাদনের বিষয়টি এখনো চূড়ান্ত নয়।
মার্কিন বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করার আগে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছিল, বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে।
তবে মার্কিন বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করার পর ইরান শেষ খবর পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।