Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হোয়াইট হাউসের ডিনারে গুলি: সন্দেহভাজন বন্দুকধারীর ছবি প্রকাশ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ০১:০২ পিএম
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ০২:৪৫ পিএম
হোয়াইট হাউসের ডিনারে গুলি: সন্দেহভাজন বন্দুকধারীর ছবি প্রকাশ

হোয়াইট হাউস ডিনারে হামলাচেষ্টাকারী কোল টমাস অ্যালেন। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস ডিনারে হামলাচেষ্টাকারী কোল টমাস অ্যালেনের ছবি প্রকাশ করেছেন ট্রাম্প, যাকে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় হোটেলের প্রবেশপথেই আটকে দেয়া সম্ভব হয়েছে।

ওয়াশিংটনের হিলটন হোটেলের সিঁড়ির কাছে শার্টহীন এক যুবককে উপুড় করে মাটিতে চেপে ধরে রেখেছে নিরাপত্তা বাহিনী, দুই হাত তার পিঠমোড়া করে বাঁধা- এমনই এক চাঞ্চল্যকর ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এনডিটিভির তথ্য অনুযায়ী, এই যুবকই হলেন সেই কথিত বন্দুকধারী, যে শনিবার রাতে হোয়াইট হাউস প্রেস করসপনডেন্টস ডিনারে ভয়াবহ তাণ্ডব চালানোর চেষ্টা করেছিল।

ট্রাম্প কেবল ছবিই দেননি, সেই সাথে ওই যুবকের সিকিউরিটি চেকপয়েন্ট দিয়ে দৌড়ে পালানোর একটি ভিডিও প্রকাশ করে পুরো ঘটনাকে জনসমক্ষে নিয়ে এসেছেন।

হামলাকারীর পরিচয় পাওয়া গেছে, ৩১ বছর বয়সী এই যুবকের নাম কোল টমাস অ্যালেন, যে ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা।

শনিবার রাতের সেই জাঁকজমকপূর্ণ মিডিয়া গালা তখন মধ্যগগনে। শত শত সাংবাদিক, তারকা আর বিশ্বনেতাদের উপস্থিতিতে অনুষ্ঠান যখন জমে উঠেছে, ঠিক তখনই হোটেলের বলরুমের ঠিক বাইরের স্ক্রিনিং এলাকায় হঠাৎ গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প তখন মঞ্চে উপস্থিত ছিলেন। গুলির শব্দ পাওয়ামাত্রই সিকিউরিটি সার্ভিস তাকে দ্রুত স্টেজ থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যায়। ডিনার পার্টির সেই হুলস্থুল পরিস্থিতিতে উপস্থিত অতিথিরা প্রাণভয়ে টেবিলের নিচে আশ্রয় নেন। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং নিরাপত্তাকর্মীরা পজিশন নিয়ে হামলাকারীকে হোটেলের প্রবেশপথেই আটকে দেয়।

ট্রাম্প সাংবাদিকদের সাথে আলাপকালে জানিয়েছেন, ওই যুবকের কাছে একাধিক অস্ত্র ছিল এবং সে রীতিমতো চার্জ করে সিকিউরিটি চেকপয়েন্ট পার হতে চেয়েছিল। এই ধস্তাধস্তির সময় সিকিউরিটি সার্ভিসের একজন অফিসার গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন

ট্রাম্পের নৈশভোজের বাইরে গুলি ট্রাম্পের নৈশভোজের বাইরে গুলি

তবে ট্রাম্পের ভাষ্যমতে, সেই অফিসার এখন আশঙ্কামুক্ত। বুলেটপ্রুফ জ্যাকেট থাকার কারণেই বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন তিনি। ট্রাম্প নিজে ওই অফিসারের সাথে কথা বলেছেন এবং তার সাহসিকতার প্রশংসা করেছেন।

হামলাকারীকে একজন ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প জানান, আইন প্রয়োগকারী সংস্থা এখন তার ক্যালিফোর্নিয়ার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালাচ্ছে।

এই নজিরবিহীন হামলার পর ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো জানিয়েছেন, কোল টমাসের বিরুদ্ধে ফেডারেল অফিসারকে মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত এবং সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হচ্ছে। আগামী সোমবার তাকে আদালতে তোলা হবে।

পিরো স্পষ্ট করে বলেছেন, চেকপয়েন্টে ধরা না পড়লে ওই ব্যক্তি হোটেলের ভেতরে ঢুকে অপূরণীয় ক্ষতি করে ফেলত। ঘটনার পর হোটেলের ভেতরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয় এবং বাইরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়। ট্রাম্প এই পুরো ঘটনায় নিরাপত্তা বাহিনীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং একইসাথে ইঙ্গিত দিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে তারা আরো বড় এবং আরো ভালো কোনো আয়োজনের মাধ্যমে এই পরিস্থিতির জবাব দেবেন। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা আর বন্দুকবাজের সেই ছবি এখন রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)