নিজস্ব প্রতিবেদক
জেনারেল হাসপাতালে চুরিকালে হাতেনাতে আটক নারী ছবি: ধ্রুব নিউজ
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চুরির অভিযোগে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বহিঃবিভাগের সামনে এই ঘটনা ঘটে।
আটককৃত শাহিনুর বেগম (৫৫) খুলনা জেলার বটিয়াঘাটা থানার নব জলনা এলাকার রবিউল শেখের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর কোতোয়ালি থানার বাউলিয়া এলাকার ইকবাল হোসেনের স্ত্রী নাসরিন বেগম (৩০) সকালে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। গাইনি বহিঃবিভাগের সামনে অপেক্ষারত অবস্থায় অভিযুক্ত শাহিনুর বেগম নাসরিনের ভ্যানিটি ব্যাগ থেকে ১,৩২০ টাকা কৌশলে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় নাসরিন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশে থাকা রোগী ও স্বজনরা শাহিনুরকে হাতেনাতে ধরে ফেলেন।
পরে হাসপাতালের নিরাপত্তাকর্মী ও সেখানে কর্মরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে নিজেদের হেফাজতে নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে প্রতিনিয়ত চুরির ঘটনায় সাধারণ রোগীরা আতঙ্কিত থাকেন। তারা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
পরবর্তীতে আটক শাহিনুর বেগমকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।