নিজস্ব প্রতিবেদক
উঃসবমুখোর পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট ছবি: ধ্রুব নিউজ
ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ইনস্টিটিউট চত্বর, পাবলিক লাইব্রেরি ও টাউন ক্লাব এলাকায় দিনভর ছিল উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, মোট ৩ হাজার ২৯ জন ভোটারের মধ্যে ২০৭৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বর্তমানে ভোট গণনা চলছে। নির্বাচিতরা আগামী তিন বছরের জন্য যশোর ইনস্টিটিউটের নেতৃত্ব দেবেন।
এবারের নির্বাচনে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ এবং ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ নামে দুটি প্যানেল থেকে ২০ জন করে মোট ৪০ জন প্রার্থী মাঠে রয়েছেন। এ. জেড. এম. সালেক (স্বপন) ও কবি কাসেদুজ্জামান সেলিমের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ এবং আনিসুজ্জামান পিন্টু ও কবি তরিকুল ইসলামের নেতৃত্বে ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ প্যানেল দুটি প্রতিদ্বন্দ্বিতা করছে। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন নুরুন্নবী (ব্যালট ৪১) ও মাহবুবুর রহমান (ব্যালট ৪২)।
মাঠে উপস্থিত সাধারণ ভোটারদের মতে, কোনো একক প্যানেল নয়, বরং দুই প্যানেলের যোগ্য ও পরীক্ষিত প্রার্থীদের সমন্বয়ে একটি মিশ্র ফলাফল আসতে পারে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে পুরো যশোরবাসীর দৃষ্টি এখন ইনস্টিটিউট চত্বরের দিকে।