ধ্রুব নিউজ
যশোরে ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ‘আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
যশোরে ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ‘আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোর খয়েরতলার আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম খোরশেদুজ্জামান। তিনি তার বক্তব্যে টেকসই কৃষির ওপর গুরুত্বারোপ করে বলেন, “কৃষিতে বায়োপেস্টিসাইড ও বায়োফার্টিলাইজার ব্যবহার করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং ফসলের গুণগত মান উন্নত হয়। এর ফলে মানবস্বাস্থ্যের ঝুঁকি যেমন কমে, তেমনি পরিবেশও রক্ষা পায়।”
যশোরের ব্র্যাক সীড ডিলার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা এবং চুয়াডাঙ্গা ব্র্যাকের আরএসএম কামরুল হাসান।
আরএসএম কামরুল হাসান বলেন, সঠিক দিকনির্দেশনা ও সময়োপযোগী পরামর্শ অনুসরণ করলে হাইব্রিড ধান চাষে কম খরচে অধিক ফলন পাওয়া সম্ভব। এতে কৃষকদের উৎপাদন দক্ষতা বাড়বে এবং তারা বাণিজ্যিকভাবে লাভবান হবেন।
কর্মশালায় উচ্চফলনশীল হাইব্রিড ধানবীজ চাষের পদ্ধতি এবং রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ব্র্যাকের বাজারজাতকৃত বিভিন্ন ধান ও সবজি বীজের পোর্টফোলিও কৃষকদের সামনে তুলে ধরা হয়।
দিনব্যাপী এই কর্মশালা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৪০ জন মডেল কৃষকের মাঝে ‘ব্র্যাক হাইব্রিড ১০’ জাতের ধান বীজ বিতরণ করা হয়।