নিজস্ব প্রতিবেদক
ইজিবাইক চালককে মারধরের প্রতিবাদে যশোরে সড়ক অবরোধ ছবি: ধ্রুব নিউজ
ইজিবাইক চালককে মারধরের প্রতিবাদে যশোর শহরের পুলেরহাট বাজারে সড়ক অবরোধ করেছেন পুলেরহাট-রাজগঞ্জ রুটের ইজিবাইক চালক ও মালিক সমিতির সদস্যরা। বুধবার বিকেলে প্রায় এক ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়।
সূত্রে জানা গেছে, সড়কে ইজিবাইক চলাচলকে কেন্দ্র করে সীমান্ত পরিবহন সমিতির সঙ্গে ইজিবাইক চালকদের এক মাসেরও বেশি সময় ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ওই এলাকায় গাড়ি চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মানিক হোসেন নামে এক ইজিবাইক চালক মারধরের শিকার হন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার প্রতিবাদে বিকেলে ক্ষুব্ধ ইজিবাইক চালক ও মালিক সমিতির সদস্যরা পুলেরহাট বাজারে সড়ক অবরোধ করেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রশাসনের পক্ষ থেকে আহত চালককে চিকিৎসার ব্যবস্থা করার কথা জানানো হলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
পরে প্রশাসনের হস্তক্ষেপে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বিচারের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন চালক ও মালিক সমিতির সদস্যরা। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলেরহাট-রাজগঞ্জ রুটের ইজিবাইক চালক ও মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ শেখ শহিদ এবং সদস্য মিঠু ও শহীদসহ অন্যরা।