Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ ভবদহকে যুক্ত রেখে বিএডিসির ৩০০ কোটি টাকার প্রকল্প

২৮ নভেম্বর যশোর আসছেন ৫ মন্ত্রী ও সচিব

তহীদ মনি তহীদ মনি
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ১১:৫৯ পিএম
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৮:০৩ পিএম
২৮ নভেম্বর যশোর আসছেন ৫ মন্ত্রী ও সচিব

যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চলকে যুক্ত রেখে করে প্রায় ৩০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্প’ নামে এই প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) আলোচিত হয়েছে। আগামী ২৮ নভেম্বর সংশ্লিষ্ট পাঁচ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের একযোগে যশোরে সম্ভাব্য সফরের কথা রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মূলত প্রকল্পের বাস্তবতা যাচাই করতেই তারা সরেজমিনে ভবদহ এলাকা পরিদর্শনে আসছেন। তবে প্রকল্পটিতে ভবদহ অঞ্চলকে যুক্ত করা হলেও উন্নয়ন বরাদ্দের বড় অংশই ব্যয় হবে অন্য অঞ্চলে। মূলত বরাদ্দের অঙ্ক বাড়ানোর কৌশল হিসেবেই ‘ভবদহ’ নামটি ব্যবহার করা হয়েছে কী না তা নিয়ে প্রশ্ন উঠছে।
বিএডিসি যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০০ কোটি টাকার এই প্রকল্পটি ইতোমধ্যে একনেক সভায় উত্থাপিত হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাঁচ মন্ত্রী ও সচিবদের সরেজমিন পরিদর্শনের পর সেটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করছেন বিএডিসির কর্মকর্তারা।
বিএডিসি যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর ও প্রকল্প পরিকল্পনা (পিপি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় শুধু যশোর জেলায় ১৩৭ কোটি টাকার কাজ হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহের ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে ফসল উৎপাদন বাড়বে ৮ হাজার ৭০০ মেট্রিক টন। এছাড়া ভবদহ এলাকাসহ ৫ হাজার ২০০ হেক্টর জমিতে নতুন করে চাষাবাদ শুরু হবে এবং কেশবপুরের জলাবদ্ধতা নিরসন হবে বলে দাবি করা হয়েছে। প্রকল্পের আওতায় চার জেলায় ১০৮টি খালের মোট ১৭০ কিলোমিটার খনন করা হবে।
প্রকল্পের মূল উদ্দেশ্য জলাবদ্ধতা দূরীকরণ, সেচ সুবিধা বৃদ্ধি, ফসল উৎপাদন বাড়ানো এবং পতিত ও জলাবদ্ধ জমি চাষের আওতায় আনা। এর অধীনে খাল খনন ও পুনঃখনন, খাল ও নদীর সংযোগ সৃষ্টি, ছোট ব্রিজ ও কালভার্ট স্থাপন, পানি নিষ্কাশন পাম্প স্থাপন এবং ভূগর্ভস্থ নালা (সেচ নালা) নির্মাণসহ বিভিন্ন কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই প্রকল্পে ভবদহ এলাকায় সরাসরি বড় কোনো কার্যক্রম না থাকলেও সেচ পাম্প স্থাপন এবং ভবদহ সংলগ্ন কেশবপুর উপজেলার ১৫টি খালের ৩০ কিলোমিটার খনন, কালভার্ট ও ছোট ব্রিজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এটি সম্পন্ন হলে কেশবপুরে কোনো জলাবদ্ধতা থাকবে না বলে দাবি করা হয়েছে। কেশবপুরের উল্লেখযোগ্য খননযোগ্য খালগুলোর মধ্যে রয়েছে—গড়াবাড়িয়া বিলের খাল, তরুর খাল, ভায়না খাল, কলাতলা খাল, নলবুনিয়া খাল ও ভেরচি খালসহ মোট ১৫টি খাল।
এছাড়া ভবদহ সংশ্লিষ্ট অভয়নগর উপজেলায় কালভার্ট, ব্রিজ, ভূগর্ভস্থ নালা ও পাম্প বসানোর পাশাপাশি চোমড়া ডাঙ্গার খাল, জয়খোলা খাল, বাগদার খাল ও মালিয়ার খাল—এই চারটি খালের ৮ কিলোমিটার খনন করা হবে। মণিরামপুর উপজেলার বাহাদুরপুর খাল, বয়রার খাল, আড়পাড়া বিলের খাল ও হরিদাসকাটি খালের ১১ কিলোমিটার খনন করা হবে।
ভবদহ এলাকার বাইরে যশোরের বাকি পাঁচ উপজেলায়ও ব্যাপক কাজ রাখা হয়েছে। এর মধ্যে যশোর সদরে সেচ ও খাল খননের আওতায় হৈবতপুর খাল, মাহিদিয়ার খাল, জয়রামপুর খাল ও কয়েতখালি খালের ১২ কিলোমিটার খনন করা হবে। বাঘারপাড়া উপজেলায় ৯টি খালের ১৪ কিলোমিটার খনন করা হবে। এর মধ্যে বন্দবিলার খাল (খয়রার বিল থেকে চিত্রা নদী পর্যন্ত), কয়ার খাল (পাঠানপাড়া থেকে চিত্রা নদী পর্যন্ত), সাদীপুর খাল ও খানপুরের খাল উল্লেখযোগ্য।
অন্যদিকে, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় সেচ সুবিধার্থে ব্রিজ, কালভার্ট, ভূগর্ভস্থ নালা স্থাপন এবং সেচ পাম্প বসানোর ওপর বেশি জোর দেওয়া হয়েছে। ঝিকরগাছায় আন্দোলপোতা খাল, সুখদেবের খাল ও নিশান খাল ছাড়া অন্য কোনো খাল খনন হবে না। তবে চৌগাছায় ৭টি ফুটওভার ব্রিজ, বেশ কিছু ওয়াটার পাস আউটলেট তৈরি এবং সেচ পাম্প বসানো হবে। শার্শা উপজেলায় হরিণাপোতা খাল, ওয়াপদার খাল ও আমড়াখালি খালের ৬ কিলোমিটার খননের পাশাপাশি ডিপটিউবওয়েল, আরসিসি আউটলেট ও ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।
প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এত বড় বাজেটের মধ্যে বিপুল পরিমাণ অর্থ অপচয়ের আশঙ্কা রয়েছে। প্রকল্পের জন্য গাড়ি কেনা, দফায় দফায় কর্মকর্তা ও কৃষক প্রশিক্ষণ, যন্ত্রপাতি স্থাপনের নামে ব্যয়ভার বাড়ানো এবং অস্থায়ী ও স্থায়ী মজুরির নামে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে।
তারা আরও জানান, ভবদহ এলাকায় কয়েক বছর ধরে বিএডিসি ও পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সেচ পাম্প বসিয়ে পানি নিষ্কাশন অব্যাহত থাকলেও তার খুব বেশি সুফল মেলেনি। এবারও প্রকল্পে পাম্প বসানোর ওপর জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নদীর প্রবাহমানতা ও জোয়ার-ভাটা বাড়াতে না পারলে অতীতের মতোই রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে এবং এতে কেবল প্রকল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিরাই লাভবান হবেন। অন্য জেলা ও উপজেলায় কাজ হলেও কেশবপুর ও ভবদহ এলাকায় এটি খুব বেশি সুফল দেবে না বলে তারা সন্দিহান। তবে খাল খনন যথাযথভাবে হলে এবং নদী ও খালের মাধ্যমে পানি অপসারিত হলে সাময়িকভাবে কিছু ভালো ফল পাওয়া যেতে পারে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সার্বিক বিষয়ে বিএডিসি যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রশিদ বলেন, “আগামীতে আমাদের যশোরের প্রতিমন্ত্রীসহ আইনমন্ত্রী, কৃষিমন্ত্রী, পানিসম্পদ মন্ত্রীসহ পাঁচ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সচিবরা আসবেন এবং এলাকা পরিদর্শন করবেন। এরপর একনেকে প্রকল্পটি পাস হবে। এটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা দূর হবে, সেচ সুবিধা ও ফসল উৎপাদন বাড়বে এবং পতিত জমি চাষের আওতায় আসবে, যা মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “পদ্মা ব্যারাজের সাথে যশোর অঞ্চলের নদীগুলো যুক্ত হলে এর সুফল আরও ভালোভাবে পাওয়া যাবে।” তবে জোয়ার-ভাটা এবং উজানের পানির প্রবাহ (আপকামিং ফ্লো) না বাড়লে প্রকৃতরূপে ভবদহ সমস্যার সমাধান যে সত্যিই কঠিন, তা তিনি স্বীকার করেন। প্রকল্পের দুর্বলতা ও অপচয়ের অভিযোগ নাকচ করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, “যথাযথ প্রক্রিয়ায় বিভিন্ন জরিপ সম্পাদন করে প্রয়োজনীয়তার ভিত্তিতেই এই প্রকল্প জমা দেওয়া হয়েছে। আশা করি, এটি বৃহত্তর যশোরবাসীর জন্য সুফল বয়ে আনবে।”

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)