Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৭:১৫ পিএম
‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

ফেনীর দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানের সঙ্গে পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির দুটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রেকর্ড দুটি প্রকাশ্যে এলে নানা মহলে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

​প্রকাশিত দুটি অডিওর একটি ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অপরটি ৬ মিনিট ২০ সেকেন্ড দীর্ঘ। প্রথম রেকর্ডটিতে দেখা যায়, ওসি ফয়জুল আজীম নোমান সনিকে নিজের বাসায় আসার জন্য জোর তাগাদা দিচ্ছেন। তিনি সনিকে ঘরের বাইরে বেরিয়ে সিএনজিতে ওঠার পরামর্শ দিয়ে বলেন, থানার কথা উল্লেখ করে ফাঁকা জায়গা থেকে গাড়ি নিতে। পথের নির্দেশনা দিতে গিয়ে ওসি জানান, বাম পাশের মসজিদ ঘেঁষে যাওয়া সড়কের মাথায় পৌঁছে ফোন করলে সরাসরি তাঁর বাসায় যাওয়া যাবে।

​যাতায়াত খরচ নিয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে। বাজার থেকে সিএনজিতে এলে ১০০ টাকা এবং চাইলে ২০০ টাকা ভাড়া দেওয়ার কথা বলেন ওসি। এ সময় সনি ওসির বাসায় অবস্থান ও ভিডিও কল না দেওয়ার প্রসঙ্গ তুললে ওসি জানান, সনির মোবাইলের লোকেশন রামানন্দপুরের ৬ নম্বর ওয়ার্ড দেখাচ্ছে।

​তবে সনি সেই লোকেশনে থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করে আবেগতাড়িত হয়ে শপথ করেন। জবাবে ওসি তাঁকে আশ্বস্ত করে বলেন, অবিশ্বাস করার মতো কোনো কথা তিনি বলেননি। নিজের সুবিধামতো রিজার্ভ গাড়ি নিয়ে আসার অনুরোধ জানিয়ে ওসি বলেন, কোনো দুশ্চিন্তার কারণ নেই; কারণ দায়িত্ব ওসির হাতে এবং ‘ওসি ঠিক তো সব ঠিক’। থানার পথ ধরে সরাসরি নিজের বাংলোতে চলে আসতে বলেন তিনি।

​অন্যদিকে সনি ওসিকে ঘনঘন কল না দিতে অনুরোধ করেন, যাতে পরিবারের অন্য কেউ বিষয়টি নিয়ে প্রশ্ন না তোলে। তিনি জানান, চৌদ্দগ্রাম বাজার ও মিয়াবাজার হয়ে যাতায়াত করবেন। ওসি গুগল ম্যাপ দেখে দ্রুততম পথের খোঁজ নেওয়ার কথা বলেন এবং পৌঁছানোর পর ভাড়া পরিশোধ করার আশ্বাস দেন। রওনা হয়ে মেসেজ দেওয়ার নির্দেশনা ও অপেক্ষা করার কথা বলার মধ্য দিয়ে প্রথম অডিওটি শেষ হয়।

​দ্বিতীয় অডিওর শুরুতেই ওসি ক্ষমা প্রার্থনা করেন। এরপর সনি তুহিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে টাকা দাবি ও বোনকে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। তাঁর দাবি, একটি মামলায় জামিনের জন্য তিনি থানায় দুই লাখ টাকা দিয়েছিলেন, কিন্তু তুহিনের কারণে পরিবার নতুন করে বিপাকে পড়েছে।

​সনি আরও অভিযোগ করেন, তুহিন ফোনে দুর্ব্যবহার করেছে এবং পারভেজ নামের এক অপরাধী কীভাবে পুলিশের কাছে ফোন করে, তা নিয়ে প্রশ্ন তোলেন। ওসি অবশ্য তাঁর কাছে পারভেজের ফোন আসার বিষয়টি নাকচ করেন। বারবার থানায় গিয়ে জিডি ও অভিযোগ করার পরও পারভেজকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন সনি।

​একপর্যায়ে ওসি আবারও সামনাসামনি কথা বলার আগ্রহ দেখান। রাজনৈতিক স্বার্থ ও অর্থের ঊর্ধ্বে উঠে ভাবতে পারলে ভবিষ্যতে যোগাযোগ রাখার পরামর্শ দিয়ে ওসি বলেন, এতে সনির চেয়ে তাঁর নিজের ক্ষতির আশঙ্কাই বেশি। জবাবে সনি মামলায় জড়ানো, দুই লাখ টাকা খোয়ানো এবং থানায় বোনকে মারধরের চেষ্টার কথা তুলে ধরেন। পাশাপাশি ফটিক মিয়াকে আটক করলেই পারভেজকে পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।

​নিজের ছোট ছেলের জীবন ক্ষতিগ্রস্ত হওয়া এবং মেয়ের মামস, জ্বর-কাশিসহ হাসপাতালে ভর্তি থাকার করুণ চিত্রও তুলে ধরেন সনি। সব দোষ তাঁর ওপর চাপানো হচ্ছে কি না—ওসির এমন প্রশ্নে সনি জানান, তাঁর সে সাহস নেই।

​এর আগে গত ১০ নভেম্বর রাত ১টা ৫০ মিনিটের দিকে নিজ বাসভবন থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয় এবং পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন। অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিওবার্তায় সনি দাবি করেন, গ্রেপ্তারের পর থানাহাজতে ওসি তাঁকে আলিঙ্গন করতে বলেন এবং শ্লীলতাহানি করেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

​অভিযোগ প্রসঙ্গে ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান স্বীকার করেন যে অডিওর কণ্ঠ তাঁরই। তবে তাঁর দাবি, আসামি গ্রেপ্তারের কৌশল হিসেবেই এসব কথা বলা হয়েছিল এবং পুলিশের কাজে বাধা দিতেই ওই নারী ষড়যন্ত্র করছেন। অর্থ লেনদেনসহ অন্যান্য অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

​ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, ছড়িয়ে পড়া কল রেকর্ডগুলো তাঁদের নজরে এসেছে এবং সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

​উল্লেখ্য, মামলা নিতে অস্বীকার করার অভিযোগে গত আগস্টে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ওসি ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে সরিয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও পরবর্তীতে তাঁকে স্বপদে বহাল রাখা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)