কোটচাঁদপুর প্রতিনিধি
নলভাঙ্গায় প্রার্থীর প্রচার বিলবোর্ড কেটে দিল দুর্বৃত্তরা ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের নলভাঙ্গা মজাত বাওড়ের পারঘাটা মুখে শ্রী প্রাণেশ কুমার কালুর দোকানের সামনে স্থাপিত মোহাম্মদ হাফিজ উদ্দিন রনির নির্বাচনী প্রচার বিলবোর্ড কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত রাতে কে বা কারা বিলবোর্ডটি কেটে ফেলে রেখে যায়। এ ঘটনায় এলাকায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। নির্বাচনী প্রচারণার বিলবোর্ড কেটে ফেলার ঘটনায় অনেকে নিন্দা জানিয়েছেন। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো শনাক্ত হয়নি। ঘটনার পর জড়িত কাউকে গ্রেপ্তারের খবরও পাওয়া যায়নি।
এ বিষয়ে মোহাম্মদ হাফিজ উদ্দিন রনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিলবোর্ড কেটে মানুষের মন থেকে আমাকে সরানো যাবে না, ইনশাআল্লাহ। ব্যালটের মাধ্যমে এক নম্বর ওয়ার্ডবাসী এর জবাব দেবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, প্রচারের বিলবোর্ড কেটে বা নষ্ট করে মানুষের ভালোবাসা ও সমর্থন মুছে ফেলা সম্ভব নয়।
স্থানীয়দের মতে, নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা গণতান্ত্রিক পরিবেশের অংশ হলেও প্রচারসামগ্রী নষ্ট করার মতো ঘটনা নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি করে।
সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নির্বাচনী প্রচারণায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রার্থীদের প্রচারসামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।