নিজস্ব প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগার ছবি: সংগৃহীত
যশোরে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত নাসিনা খাতুন কারাফটকে হঠাৎ অসুস্থ হয়ে হয়ে পড়েন। কারা কতৃপক্ষ তাৎক্ষনিক তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। অসুস্থ নাসিমা খাতুন যশোরের চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের লিটন ইসলামের স্ত্রী। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে একটি চেক ডিজঅনারের মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে আসামি নাসিমা খাতুনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪৮ হাজার ১০৯ টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয়। সাজাপ্রাপ্ত নাসিমাকে আদালত থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যান দায়িত্বরত কোর্ট পুলিশ। কারা ফটকের ভিতর হঠাৎ অসুস্থ হয়ে মাথা ঘুরে মেঝেতে পড়ে যান নাসিমা খাতুন। কারাগারের তত্ত্বাবধানে কারারক্ষী ও পুলিশ সদস্যদের সহায়তায় অ্যাম্বুলেন্সযোগে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার মহিলা মেডিসিন বিভাগের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে পুলিশ ও কারারক্ষীদের পাহারা রয়েছে।