ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর খিলক্ষেতের পুলিশ হাউজিং এলাকায় নিজ ভাড়াবাড়িতে ডিজে পার্টির আয়োজন ও মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরি প্রজ্ঞাপনে সই করেছেন।
এর আগে গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর বিভাগ ভাটারা থানার অধীন ওই আবাসিক এলাকায় অভিযান চালায়। ডিবির তথ্যানুযায়ী, এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া ওই বাড়িতে তখন অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। অভিযানে গাঁজা, ইয়াবা, বিদেশি মদ ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়, যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন কর্মকাণ্ডে জনমনে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং দেশজুড়ে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এই ধরনের আচরণ কেবল শিষ্টাচারবহির্ভূতই নয়, বরং পেশাগত অদক্ষতা ও বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী গত ২৫ অক্টোবর থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ঘটনার পরপরই তীব্র সমালোচনার মুখে পুলিশ সদর দপ্তরের রিঅ্যার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রথমে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।