ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ নেতা মো. মিজানুর রহমান ওরফে হাতেম এবং তার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার বহিরগাছি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মিজানুর রহমান সাফদারপুর ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি। তার ছেলে হেলাল উদ্দিন (২৬) সাফদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির নম্বর ১৬, জিআর নম্বর ১১৮/২৬। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ধারার ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ উল্লেখ রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাদের পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করে অন্য কোনো অপরাধসংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।