নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর শেখহাটি ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহিদ হোসেনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব জাহিদ হোসেনের বাসভবনে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।
শেখহাটি ওয়ার্ডের সভাপতি বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ভিপি আব্দুল কাদের।
সভায় বক্তারা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশার কথা জানতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধির মূল দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করা। এজন্য যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, নির্বাচন শুধু প্রার্থী নির্বাচনের বিষয় নয়; এটি এলাকার ভবিষ্যৎ উন্নয়ন ও জনকল্যাণের সঙ্গে সম্পৃক্ত। তাই প্রার্থীদের জনগণের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি নির্বাচনের পরও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করতে হবে।
মতবিনিময় সভায় শহর শাখার আমির ইসমাইল হোসেন, সেক্রেটারি ইমরান হোসাইন, ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, সেক্রেটারি নাজিম উদ্দিন, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তরিকুল আলম শামীম, মেম্বার প্রার্থী জাহিদ হোসেন, হাফিজুর রহমান, হাফেজ আল-আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় মেম্বার প্রার্থী জাহিদ হোসেন বলেন, তিনি নির্বাচিত হলে শেখহাটি ওয়ার্ডের মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান। এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ওয়ার্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।