আন্তর্জাতিক ডেস্ক
সিইসি-র পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির বিক্ষোভ, নিরাপত্তা জোরদারে ‘পিঙ্ক ফোর্স’ মোতায়েন, এবং ধ্রুব রাঠির অংশগ্রহণে রাজপথে চরম উত্তাপ।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের একদফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লি। কাকরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুরো শহরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা জারি করেছে কেন্দ্রীয় সরকার। যানবাহন চলাচল সীমিত করে দিল্লিকে কার্যত একটি নিরাপত্তা দুর্গে পরিণত করা হয়েছে।
বিক্ষোভ সামলাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তর এলাকায় দিল্লি পুলিশের বিশেষ নারী দল ‘পিঙ্ক ফোর্স’ মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনে নারী পুলিশ সদস্যদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠার পর এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলো।
“জেন জি-কে ভয় পাচ্ছে সরকার”: সিজেপি
এদিকে দিল্লিতে এই অভূতপূর্ব নিরাপত্তা ও কড়াকড়িকে কেন্দ্র করে কড়া সমালোচনা করেছেন কাকরোচ জনতা পার্টির নেতারা। গতকাল শুক্রবার মুম্বাই বিমানবন্দরে বেঙ্গালুরু থেকে ফিরে সিজেপি নেতা অভিজিৎ সাংবাদিকদের বলেন, "কেন্দ্রীয় সরকার 'জেন জি' বা তরুণ প্রজন্মকে ভয় পাচ্ছে, তাই সারাদেশে এক ধরনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। তরুণদের এত ভয় পেলে পুরো দেশই বন্ধ করে দিন।"
মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্সে' এক পোস্টে অভিজিৎ লেখেন, “যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে আপনার সহায়তা করার দিন শেষ।” এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রেপ্তারের বিষয়ে তিনি স্পষ্ট জানান, “তারা যদি আমাকে আটক বা গ্রেপ্তার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। তাতে আমার কিছু যায়-আসে না।”
আন্দোলনে যুক্ত হচ্ছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি
আজকের (১০ অক্টোবর) এই বহুল আলোচিত আন্দোলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। এক বার্তায় তিনি দেশবাসীকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই। ১০ তারিখে কেউ দিল্লি আসতে ভুলবেন না।” সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই ঘোষণা ছিল যে ধ্রুব রাঠি সরাসরি এই ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচিতে অংশ নেবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিজেপির এই বিক্ষোভ এবং ধ্রুব রাঠির মতো প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা দিল্লির কেন্দ্রীয় সরকারের ওপর নতুন করে রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে।