Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কক্ষে মাকড়সা ছেড়ে দরজা বন্ধ করে দেন সিনিয়ররা, অসুস্থ হয়ে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৬:২৭ পিএম
কক্ষে মাকড়সা ছেড়ে দরজা বন্ধ করে দেন সিনিয়ররা, অসুস্থ হয়ে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি ছাত্রী হলে এক চতুর্থ বর্ষের শিক্ষার্থীর ওপর চরম মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তিন স্নাতকোত্তর শিক্ষার্থীর বিরুদ্ধে। দরজা আটকে তাঁর পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়ার ঘটনায় ভুক্তভোগী ছাত্রী এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে বমি ও বুকে ব্যথা শুরু হয় এবং তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিতে হয়।

​ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত আনুমানিক ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় ২৪’ হলে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে আজ বুধবার সকালে। ভুক্তভোগী ছাত্রী চবির চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং হলের নিচতলার একটি কক্ষে থাকেন। অভিযুক্ত তিনজনই বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

​হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ভুক্তভোগী ছাত্রীকে নিজেদের কক্ষে ডেকে নেন অভিযুক্ত তিন সিনিয়র শিক্ষার্থী। এরপর কক্ষের দরজা বন্ধ করে তাঁর পায়ের কাছে একটি মাকড়সা ছেড়ে দেওয়া হয়। আকস্মিক এ ঘটনায় ভয়ে চিৎকার করে ওঠেন ওই ছাত্রী। বের হওয়ার সময় তাঁকে কটূক্তিও করা হয় বলে অভিযোগ রয়েছে। চরম আতঙ্কের জেরে তাঁর বমি ও বুকে ব্যথা দেখা দিলে দ্রুত তাঁকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

​চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে আতঙ্কিত অবস্থায় এক শিক্ষার্থী এসেছিলেন। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে তিনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন। বমির সমস্যা থাকায় তাঁকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে পুনরায় হলে পাঠানো হয়।

​এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী ছাত্রী। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, রাত ১০টার দিকে তাঁকে ডেকে নিয়ে দরজা বন্ধ করা হয় এবং আগে থেকেই একটি বাটিতে আটকে রাখা মাকড়সা তাঁর পায়ের কাছে ছেড়ে দেওয়া হয়। মাকড়সার প্রতি তাঁর তীব্র ভীতি বা ফোবিয়ার কথা হলের ব্লকের প্রায় সবারই জানা থাকায় এটিকে স্পষ্টতই পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে হলে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা চেয়েছেন।

​অন্যদিকে, একই দিন প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন অভিযুক্ত তিন শিক্ষার্থীও। তাঁদের দাবি, ভুক্তভোগীর মাকড়সাভীতির বিষয়টি তাঁদের জানা ছিল না এবং নিছক মজার ছলেই ঘটনাটি ঘটেছিল। এ ঘটনায় তাঁরা অনুতপ্ত ও ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এমন কিছু আর করবেন না বলে জানিয়েছেন।

​বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ফিরোজা আক্তার খানম জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রক্টর ও আবাসিক শিক্ষকদের উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছিল। সেখানে অভিযুক্ত শিক্ষার্থীরা ক্ষমা চেয়েছেন এবং তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

​বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন জানান, ঘটনাটি নিয়ে গতকাল বৈঠক হয়েছে এবং অভিযুক্তরা অনুতপ্ত হয়েছেন। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে আজও আরেকটি বৈঠক করার কথা রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)