কোটচাঁদপুর প্রতিনিধি
চতুর্থবারের মতো ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন জাপানি ভাষাশিক্ষক কুমিকো তকুমতো। সোমবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটিতে গিয়ে তিনি জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষে মতবিনিময় করেন।
সফরকালে কুমিকো তকুমতো শিক্ষার্থীদের সঙ্গে জাপানি ভাষা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব জীবনে জাপানি ভাষার প্রয়োগ, যোগাযোগের দক্ষতা, জাপানের সংস্কৃতি, সামাজিক রীতিনীতি ও কর্মপরিবেশের উপযোগী মানসিকতা গঠনের বিষয়ে তিনি প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেন। সরাসরি জাপানি শিক্ষিকার সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা তাঁদের আগ্রহের কথা জানান।
জাপানের শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদাকে সামনে রেখে ঝিনাইদহ টিটিসিতে নিয়মিত জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শ্রেণিকক্ষের কার্যক্রম শেষে কুমিকো তকুমতো প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
এ বিষয়ে ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রুস্তম আলী বলেন, “কুমিকো তকুমতোর চতুর্থবারের মতো আমাদের প্রতিষ্ঠানে আগমনে আমরা বেশ আনন্দিত। তাঁর এই সফর আমাদের শিক্ষার্থীদের ভাষা শিক্ষায় আরও আগ্রহী ও আত্মবিশ্বাসী করে তুলবে। আশা করি, ভবিষ্যতেও তাঁর সঙ্গে আবার দেখা হবে এবং আমাদের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে তাঁর এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা জানান, এ ধরনের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখার আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিদেশের কর্মক্ষেত্র সম্পর্কে বাস্তব ধারণা দেবে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের প্রস্তুত করতে সহায়তা করবে।