বাসস
দেশের ১৪টি সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে নেট মিটারিং (ওপেক্স মডেল) পদ্ধতিতে সোলার সিস্টেম স্থাপনের প্রশাসনিক অনুমোদন দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। পল্লী বিদ্যুৎ সমিতির অর্থায়নে এসব সোলার সিস্টেম স্থাপন করা হবে। অধিদপ্তরের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।
বিদ্যুৎ বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আবেদনের প্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়।
অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—শরীয়তপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, যশোর সরকারি সার্ভে ইনস্টিটিউট, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কাশিয়ানী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।
অফিস আদেশে সোলার সিস্টেম স্থাপনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
শর্তানুযায়ী, ওপেক্স পদ্ধতিতে সোলার সিস্টেম স্থাপনে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’ যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ ছাড়া ওপেক্স ও ক্যাপেক্স মডেলে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রস্তাব দলিল, মূল্যায়ন ও নির্বাচন মানদণ্ড, চুক্তির শর্তাবলী এবং ওপেক্স বিনিয়োগকারীর সাথে চুক্তির নির্ধারিত নমুনা অনুসরণ করতে হবে।
চুক্তির শর্তাবলী বা সংশ্লিষ্ট দলিলসমূহে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তা বাস্তবায়ন করতে হবে।
পাশাপাশি সব ধরনের আর্থিক লেনদেনে সরকারি বিধি-বিধান এবং সোলার সিস্টেম সম্পর্কিত সরকার কর্তৃক জারিকৃত আদেশ, প্রজ্ঞাপন ও নীতিমালা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।