নিজস্ব প্রতিবেদক
ঢাকা-খুলনা মহাসড়ক ঘেঁষা ঝুঁকিপূর্ণ রুটে বিশেষ তল্লাশি চালিয়ে একটি প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয়েছে ১৭ কেজি গাঁজা। ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগরে পুলিশী জালে ধরা পড়েছে মাদকের এক বড় চালান। ঢাকা-খুলনা মহাসড়ক ঘেঁষা ঝুঁকিপূর্ণ রুটে বিশেষ তল্লাশি চালিয়ে একটি প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয়েছে ১৭ কেজি গাঁজা। একই সাথে ঘটনায় জড়িত আন্তঃজেলা মাদক কারবারি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুজ্জামানের দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিকল্পনা করা হয়। সেই মোতাবেক রোববার (৯ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটের দিকে বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের এসআই মো. নাসির উদ্দিন বাশুয়াড়ী গ্রামের ধলুর চৌরাস্তা এলাকায় কৌশলগত অবস্থান নেন।
ভোরের আবছা আলোয় একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামার সংকেত দেয় পুলিশ। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ভেতর লুকিয়ে রাখা ১৭ কেজি গাঁজার বিশাল চালান জব্দ করা হয়। হাতেনাতে আটক করা হয় গাড়িতে থাকা তিন মাদক কারবারিকে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো : কুমিল্লা কোতোয়ালি থানার গোলাবাড়ী (ভূঁইয়া বাড়ি) এলাকার মৃত ফরিদ ভূঁইয়ার ছেলে মো. পাভেল ভূঁইয়া ওরফে মিন্টু (৩৫), খুলনার দৌলতপুর থানার মানিকতলা পশ্চিম সেনপাড়া এলাকার সাহেব আলী মিনার ছেলে মো. সুমন মিনা (৩০) ও কুমিল্লার তিতাস থানার শাহাপুর এলাকার আবদুল কাদিরের ছেলে মো. মিজান মিয়া (৩১)।
পুলিশ জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক এনে খুলনা ও যশোরের আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। জব্দকৃত গাড়ি ও মাদকের চালানসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার দুপুরের দিকে কড়া পুলিশী পাহারায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়।