নিজস্ব প্রতিবেদক
যশোরে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল কাদের (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জিবলীতলা আইসি ক্যাম্প মোড় সংলগ্ন 'আর কে স্টোর'-এর পশ্চিম পাশের রাস্তা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার আব্দুল কাদের বেনাপোল পোর্ট থানার বুজতলা গ্রামের (পূর্বপাড়া) মৃত ইমান আলী মণ্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি আভিযানিক দল শার্শার নাভারন-সাতক্ষীরা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় একটি থ্রি-হুইলার থামিয়ে যাত্রীদের তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে আব্দুল কাদেরের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে আব্দুল কাদেরের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আব্দুল কাদেরকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।