নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আতিয়ার রহমান মাস্টারের জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ জোহর চৌগাছা হাজী সরদার মর্তজ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানাতে সকাল থেকেই সর্বস্তরের শত শত মানুষ বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন।
মরহুম আতিয়ার রহমান চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমানের বড় ভাই এবং চৌগাছা এস এম হাবিবুর রহমান পৌর কলেজের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম সাইফুর রহমান বাবুলের বাবা। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত মানুষ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলেছেন।
তাঁর জানাজার নামাজে দল-মত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী, সহকর্মী, স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় শরিক হন। শোকাহত মানুষের উপস্থিতিতে একপর্যায়ে পুরো বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রিয় শিক্ষক ও সর্বজনশ্রদ্ধেয় অভিভাবকতুল্য আতিয়ার রহমানের প্রয়াণে তাঁর সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।