নিজস্ব প্রতিবেদক
ফেনসিডিল উদ্ধারের মামলায় পারভীনা বেগম নামে বেনাপোলের এক নারী মাদক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) যশোর বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত পারভীনা বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মজিদ মোল্যার স্ত্রী।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ ডিসেম্বর যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পারভীনার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাকে আটক করা হয় এবং ঘর তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পারভীনাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সৈয়দ নূর মোহাম্মদ।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত পারভীনা জামিনে মুক্ত হওয়ার পর থেকে বর্তমানে পলাতক রয়েছেন।