ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি ছবি: গেটি ইমেজেস স্পোর্ট
ফুটবল মাঠের বাইরেও নিজের মানবিক কর্মকাণ্ড দিয়ে বারবার ভক্তদের মন জয় করছেন লিওনেল মেসি। স্পেনের মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা) অনুদান দিয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।
আর্জেন্টাইন অধিনায়কের এই সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খবরটি জানিয়ে তিনি উল্লেখ করেন, মাদ্রিদের মানুষ লিওনেল মেসিকে আবারও উষ্ণ অভ্যর্থনা জানাতে এবং তাঁকে প্রাপ্য সম্মান ও করতালি দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।
সম্প্রতি সিয়েরা ওয়েস্তে অঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ হাজার হেক্টর এলাকা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় অবকাঠামো, পরিবেশ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড। ক্ষতিগ্রস্ত পৌর এলাকাগুলো পুনর্গঠন ও স্বাভাবিক জীবনযাত্রা ফেরাতে বিশেষ তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে মাদ্রিদ সরকার, যেখানে নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠান যাতে নিরাপদে অর্থ পাঠাতে পারে সে জন্য কাইশাব্যাংকের সহায়তায় অনলাইন প্ল্যাটফর্মও চালু করা হয়েছে।
স্প্যানিশ ক্রীড়াদৈনিক 'ডিয়ারিও এএস' জানিয়েছে, মেসির এই আর্থিক অনুদান কেবল ভৌত পুনর্গঠনেই ভূমিকা রাখবে না, বরং দুর্দশাগ্রস্ত মানুষের মানসিক বল ফিরিয়ে আনতেও বড় প্রেরণা হিসেবে কাজ করবে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর বিপুল জনপ্রিয়তার কারণে এই উদ্যোগ অন্য সচ্ছল ব্যক্তি ও সংস্থাদিকেও এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।
মানবিক সংঙ্কটে মেসির এমন উদারতা অবশ্য নতুন নয়। ২০০৭ সালে প্রতিষ্ঠিত 'লিও মেসি ফাউন্ডেশন'-এর মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলার প্রসারে কাজ করছেন। পাশাপাশি ২০১০ সাল থেকে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের (UNICEF) শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
এর আগেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগে অকাতরে হাত বাড়িয়েছেন এই মহাতারকা। ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারির সময় আর্জেন্টিনার হাসপাতালগুলোতে চিকিৎসাসামগ্রী কেনার জন্য প্রায় ৭ কোটি ১৩ লাখ টাকা দেন তিনি। একই সময়ে বার্সেলোনার হসপিটাল ক্লিনিকসহ স্পেনের বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে আরও প্রায় ১৪ কোটি ২৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। এ ছাড়া স্পেনের ভ্যালেন্সিয়ায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্লাবিত মানুষের পুনর্বাসনেও প্রায় ১৪ কোটি ২৫ লাখ টাকা সহায়তা প্রদান করেছিলেন এই বিশ্বকাপজয়ী তারকা।