Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে কিশোরীর মরদেহ নিয়ে বিক্ষোভ, ইসকন মন্দির প্রধানের বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫২ পিএম
যশোরে কিশোরীর মরদেহ নিয়ে বিক্ষোভ, ইসকন মন্দির প্রধানের বিচারের দাবি

শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে মরদেহ রেখে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন এলাকাবাসী। ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার চাঁচড়া বাজার মোড় এলাকার ইসকন মন্দিরে এক নারীকে মারধর ও গালিগালাজের পর তার ১৭ বছর বয়সী মেয়ে শিপ্রা ঘোষের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে মরদেহ রেখে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় অভিযুক্তদের বিচারের দাবি জানানো হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে চাঁচড়া বাজার মোড়ের ইসকন মন্দিরে মীনা ঘোষের সঙ্গে মন্দিরের প্রধান অপার গোবিন্দ দাসের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অপার গোবিন্দ দাস মীনা ঘোষকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ স্বজনদের।

পরে মীনা ঘোষের মেয়ে ১৭ বছর বয়সী শিপ্রা ঘোষ মাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরিবারের দাবি, এ সময়ও শিপ্রা ও তার মায়ের সঙ্গে অপার গোবিন্দ দাস এবং মন্দিরের অধ্যক্ষসহ কয়েকজন দুর্ব্যবহার ও মারধর করেন।

পরিবারের অভিযোগ, মীনা ঘোষকে বাড়ি পৌঁছে দেওয়ার পরও শিপ্রা ঘোষকে ডেকে এনে অপার গোবিন্দ দাস বিভিন্নভাবে গালিগালাজ করেন। পরে শুক্রবার সন্ধ্যায় শিপ্রা ঘোষ আত্মহত্যা করেন। স্বজনদের দাবি, মাকে মারধর ও জনসমক্ষে অপমানের ঘটনা সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে সে এমন পথ বেছে নেয়।

শিপ্রা ঘোষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার তারা প্রেসক্লাব যশোরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন। এতে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্বে মন্দিরটির নাম ছিল ‘দশমা বিদ্যা মন্দির’। পরে এটি ইসকনের অধীনে যাওয়ার পর থেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে আশপাশের বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠে আসছে। বিশেষ করে মন্দিরের প্রধান অপার গোবিন্দ দাস সরকারি জায়গায় বসবাসকারী লোকজনকে উচ্ছেদের জন্য নানাভাবে চাপ সৃষ্টি ও দুর্ব্যবহার করে আসছিলেন।

বিক্ষোভকারীরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অপার গোবিন্দ দাসসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে মারধর, গালিগালাজ কিংবা কিশোরীর আত্মহত্যার প্ররোচনার অভিযোগের বিষয়ে মন্দির প্রধান অপার গোবিন্দ দাস বা মন্দির কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)