নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছায় অবৈধভাবে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় ১৫ বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ভ্যানচালক ও সার ডিলারের ম্যানেজারকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চৌগাছা হাজী সরদার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা সারবোঝাই একটি ভ্যান আটক করে প্রশাসনকে খবর দেন। তবে এ সময় অভিযুক্ত বকুল ইসলাম নামের এক ব্যক্তি পালিয়ে যান।
খবর পেয়ে চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ভ্যানচালক আমির হোসেনকে ২ হাজার টাকা এবং মেসার্স শয়ন ট্রেডার্সের ম্যানেজার পলাশকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অনাদায়ে ভ্যানচালক আমির হোসেনকে ৭ দিন এবং ম্যানেজার পলাশকে ২০ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত ১৫ বস্তা ইউরিয়া ও ডিএপি সার সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ জমা হবে সরকারি কোষাগারে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি বরাদ্দের সার নির্ধারিত নিয়মের বাইরে বিক্রি, মজুত বা অন্যত্র সরবরাহের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে অবৈধভাবে পাচার হতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে।