কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাত (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কেশবপুর শহরের হাসপাতাল সড়কের খাদ্য গুদামের সামনে আলমসাধু ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আরাফাত উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাঁস্তা গ্রামের পল্লী চিকিৎসক রুস্তম আলীর ছেলে। তিনি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে এইচএসসির পদার্থবিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে কলেজে যাচ্ছিলেন ইয়াসিন। পথিমধ্যে কেশবপুর শহরের খাদ্য গুদামের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম জানান, মুখমণ্ডল ও শরীরে মারাত্মক জখম থাকা অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের পরমর্শ দেওয়া হয়। তবে অন্য হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসিন আরাফাত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি ২০২৪ সালে সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশন থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি উত্তীর্ণ হন। পরীক্ষা দিতে গিয়ে তাঁর এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।