নিজস্ব প্রতিবেদক
যশোরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসক।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর বিমানবন্দর বাইপাস সড়কের আর্মি মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—যশোর শহরের পালবাড়ি এলাকার অমি (২১) এবং চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার শামসুল আলমের ছেলে ইপ্তি (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, অমি ও ইপ্তি হেলমেট ছাড়াই একটি মোটরসাইকেলে করে বিমানবন্দর এলাকা থেকে শহরের দিকে আসছিলেন। বাইপাস সড়কের আর্মি মেডিকেল কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকায় রেফার করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।