নিজস্ব প্রতিবেদক
ছবি: বিজিবি সরবরাহকৃত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ জুলাই) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন পাঁচপীরতলা বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ১১২ বোতল উইনসেরেক্স নেশাজাতীয় কফ সিরাপ, ৩২টি শাড়ি, ২ কেজি ফুসকা, ১০টি চকলেট এবং ৫৮টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবির সতর্ক অবস্থান ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও জোরদার থাকবে।